বিসিসির প্রশাসকের তড়িৎ পদক্ষেপ: প্রধান শিক্ষকের অনুরোধে আধা ঘণ্টার মধ্যে ফুটপাথের স্ল্যাব প্রতিস্থাপন
২০ এপ্রিল,সোমবার ২০২৬
বরিশাল নগরীর অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটপাথের ভাঙা স্ল্যাব দ্রুততম সময়ের মধ্যে মেরামত করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এই জরুরি পদক্ষেপ গ্রহণ করা হয়।
আজ সোমবার বিকেলে বিদ্যালয়ের সম্মুখে ফুটপাথের কয়েকটি স্ল্যাব হঠাৎ ভেঙে পড়ে। এতে করে ফুটপাথ দিয়ে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হতে যাওয়ায় পরীক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় বাড়বে—এমন আশঙ্কা থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অভিভাবকরা তাৎক্ষণিকভাবে বিষয়টি বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনকে অবহিত করেন।
পরীক্ষার্থীদের সুরক্ষায় এবং চলাচলের পথ সুগম রাখতে তিনি বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন। প্রশাসকের নির্দেশে বিসিসির পরিচ্ছন্নতা বিভাগ ও সংশ্লিষ্ট প্রকৌশল শাখা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
প্রশাসকের কঠোর নির্দেশনায় পরিচ্ছন্নতা বিভাগের কর্মীরা খবর পাওয়ার মাত্র আধা ঘণ্টার মধ্যে ভাঙা স্ল্যাবগুলো অপসারণ করে সেখানে নতুন মজবুত স্ল্যাব প্রতিস্থাপন করা হয়।
এ সময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেনঃ”আগামীকাল মঙ্গলবার থেকে আমাদের সন্তানদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের পথচলা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি।”